মানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত ও পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন

অর্থনীতি খাগড়াছড়ি মানিকছড়ি

প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি রাজবাজারের বাজার শেড দখলমুক্ত ও পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কয়েকশ ব্যবসায়ীর অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে বাজার শেডের বর্তমান অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, শেডটি পুনঃস্থাপন এবং খুচরা ব্যবসায়ীদের ব্যবহারের সুযোগ তৈরির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন দেন ব্যবসায়ীরা। কর্মসূচিতে সংহতি জানিয়ে উপজেলা বিএনপির নেতারাও অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সহসভাপতি আরব আলী চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মীর হোসেন, বাজার পরিচালনা কমিটির সহসভাপতি রুপেন পাল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাজু, ব্যবসায়ী মাসুদ উজ জামান ও শহিদুল ইসলামসহ অনেকে।

বক্তাদের অভিযোগ, পূর্ববর্তী সময়ে বাজার শেডের জায়গা নিয়ে অনিয়ম ও দখলের পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের দাবি, বিষয়টি প্রশাসনের মাধ্যমে তদন্ত করে প্রকৃত অবস্থা নির্ধারণ করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

ব্যবসায়ীরা বলেন, বাজার শেডটি যথাযথভাবে পুনঃস্থাপন করা গেলে ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীদের জন্য ব্যবসার সুযোগ বাড়বে। একই সঙ্গে বাজারের স্বাভাবিক পরিবেশ ও ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে বলে তারা মনে করেন।

মানববন্ধন থেকে ব্যবসায়ীরা বাজার শেডের বিষয়ে প্রশাসনিকভাবে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *