বিশেষ প্রতিনিধি:পার্বত্য চট্টগ্রামের দুর্গম যোগাযোগ ব্যবস্থা, পর্যটন সম্ভাবনা এবং সীমান্ত নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে পার্বত্য অঞ্চলে একটি অভ্যন্তরীণ বিমানবন্দর স্থাপনের দাবি জানিয়েছেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
সম্প্রতি জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে এ দাবি জানান তিনি।
সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ পার্বত্য অঞ্চলে দ্রুত ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে বিমান যোগাযোগের বিকল্প নেই। খাগড়াছড়ি ও রাঙামাটিসহ পার্বত্য এলাকার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা মূলত সড়কনির্ভর। দীর্ঘ পাহাড়ি পথ, প্রাকৃতিক দুর্যোগ ও নানা প্রতিকূলতার কারণে জরুরি পরিস্থিতিতে দ্রুত যাতায়াত অনেক সময় কঠিন হয়ে পড়ে।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলে একটি অভ্যন্তরীণ বিমানবন্দর স্থাপন করা হলে যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। পাশাপাশি দুর্গম এলাকার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি পর্যটন খাতের বিকাশ এবং সীমান্ত নিরাপত্তা ব্যবস্থায়ও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।
ওয়াদুদ ভূইয়ার মতে, পাহাড়ের সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন জরুরি। এ ক্ষেত্রে পার্বত্য অঞ্চলে একটি অভ্যন্তরীণ বিমানবন্দর স্থাপন হলে অর্থনৈতিক কর্মকাণ্ড, পর্যটন ও আঞ্চলিক যোগাযোগে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।
