মহালছড়িতে শিশু অপুষ্টি শনাক্তকরণ ও মাতৃস্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ

মহালছড়ি খাগড়াছড়ি

ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়িতে পাঁচ বছরের কম বয়সী শিশুদের তীব্র অপুষ্টি শনাক্তকরণ ও ব্যবস্থাপনা এবং মাতৃস্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার মহালছড়ি উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে হেলেন কেলার ইন্টারন্যাশনাল, বাংলাদেশ।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শোভন সরকার। বিশেষ অতিথি ছিলেন হেলেন কেলার ইন্টারন্যাশনাল, খাগড়াছড়ির পুষ্টিবিদ রেমী চাকমা।

প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মো. মুনজুরুল ইসলাম। এ সময় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও উদ্দেশ্য নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন জাবারাং কল্যাণ সমিতির উপজেলা কো-অর্ডিনেটর খোকন বিকাশ ত্রিপুরা।

প্রশিক্ষণে শিশুদের অপুষ্টির লক্ষণ দ্রুত শনাক্ত করা, শনাক্ত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, মাতৃস্বাস্থ্য ও পুষ্টির গুরুত্ব এবং শিশুদের অপুষ্টি প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সঠিক পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রাথমিক পর্যায়ে অপুষ্টি শনাক্ত করা গেলে প্রয়োজনীয় চিকিৎসা ও পুষ্টিসেবা নিশ্চিত করার মাধ্যমে ঝুঁকি কমানো সম্ভব।

প্রশিক্ষণে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি), স্বাস্থ্য সহকারী এবং পরিবার কল্যাণ সহকারীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *