ইমরান হোসেন জুমান : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ও পর্যটনকেন্দ্র সাজেক এলাকায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলো খেদারমারা এলাকার অনুশকা চাকমা (৫) এবং সাজেক এলাকার কান্দারা চাকমা (১২)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট শনিবার দুপুরে খেদারমারা এলাকায় খেলাধুলার সময় পানিতে পড়ে যায় শিশু অনুশকা চাকমা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
অন্যদিকে, একই দিনে পর্যটনকেন্দ্র সাজেক এলাকায় পানিতে ডুবে যায় ১২ বছর বয়সী শিক্ষার্থী কান্দারা চাকমা। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট এলাকা ও তাদের পরিবারে শোকের ছায়া নেমে আসে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জলাশয়, স্থানীয় ঝিরি-ছড়া ও অন্যান্য পানির উৎসের আশপাশে শিশুদের চলাচলের সময় অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিহত দুই শিশুর পরিবারের খোঁজখবর নেন এবং স্বজনদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান।
