গুজব এড়িয়ে সম্প্রীতি রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান মাটিরাঙ্গা জোন কমান্ডারের

খাগড়াছড়ি জাতীয় মাটিরাঙ্গা

জসীম উদ্দিন জয়নাল : সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়িয়ে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা রুখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান। তিনি বলেন, পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সহাবস্থান বজায় রাখতে গুজবে কান না দিয়ে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ করতে হবে।

২৬ জুলাই রোববার  বেলা ১১টায় মাটিরাঙ্গা জোন সদরে আয়োজিত মাসিক নিরাপত্তা সমন্বয় ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোন অধিনায়ক বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও স্থানীয় জনগণের সম্মিলিত অংশগ্রহণ একটি ইতিবাচক দৃষ্টান্ত সৃষ্টি করেছে। তিনি বলেন, সবার সমন্বিত প্রচেষ্টার কারণেই দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় মাদক ও চোরাচালান প্রতিরোধ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মাটিরাঙ্গা বাজার ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার (জেডএসও) মেজর মো. সামিউল হক, গুইমারা আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, মাটিরাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ওয়াজেদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত, মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন, পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল, জামায়াতে ইসলামীর উপজেলা আমির আবদুল জলিলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *