মাটিরাঙ্গা জোনের উদ্যোগে তাইন্দংয়ের দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা


hello.ahmedpolash প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ২:৪৫ অপরাহ্ন /
মাটিরাঙ্গা জোনের উদ্যোগে তাইন্দংয়ের দুর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা

জসীম উদ্দিন জয়নাল : খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সেনাবাহিনীর নিয়মিত আর্থ-সামাজিক উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়।
৬ মে বুধবার সকালে উপজেলার তাইন্দং ইউনিয়নের দুর্গম সুধীলা রঞ্জন হেডম্যান পাড়ায় এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। একইসঙ্গে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী এবং প্রতিবন্ধীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
এ কার্যক্রমে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি। তিনি ক্যাম্প পরিদর্শন করে উপকারভোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
চিকিৎসা ক্যাম্পে প্রায় তিন শতাধিক পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করেন গুইমারা রিজিয়নের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মেজর ইকরামুল আমিন (এফসিপিএস), মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ডা. ক্যাপ্টেন সাদিয়া আফরিন এবং ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী।
এ সময় মাটিরাঙ্গা জোনের (ভারপ্রাপ্ত) জেডএসও মেজর সামিউল হক, ক্যাম্প কমান্ডার মেজর হাসনাইন জালালী, ক্যাপ্টেন ইয়ামীম ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, পাহাড়ি অঞ্চলের দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। তাই সেনাবাহিনী প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, পাহাড়ে বসবাসরত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান বজায় রয়েছে এবং এ সম্প্রীতি অটুট রাখতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।