দীঘিনালার দুর্গম ব্ররুবাহন হেডম্যান পাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা

খাগড়াছড়ি চিকিৎসা দীঘিনালা স্বাস্থ্য

মো. সোহেল রানা: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম ব্ররুবাহন হেডম্যান পাড়ায় চার শতাধিক পাহাড়ি বাসিন্দাকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।
১৬ নভেম্বর সোমবার সকাল ১০টা থেকে বোয়ালখালী ইউনিয়নের ব্ররুবাহন হেডম্যান পাড়ায় দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়। ৪ ই বেঙ্গলের অধীন দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল আমিন, পিএসসির নির্দেশনায় আয়োজিত ক্যাম্পে চিকিৎসাসেবা দেন জোনের মেডিকেল অফিসার আরএমও ক্যাপ্টেন মো. আরেফ আহমেদ এবং দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. জাহিদুল ইসলাম ভূঁইয়া।
ক্যাম্পে নারী, শিশু ও বয়স্কসহ চার শতাধিক রোগীকে বিভিন্ন শারীরিক সমস্যার বিষয়ে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি তাঁদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
স্থানীয় বাসিন্দা রানীবালা ত্রিপুরা (৫৫) বলেন, দুর্গম এলাকার অনেক মানুষ দরিদ্র হওয়ায় নিয়মিত চিকিৎসা নিতে পারেন না। এলাকায় চিকিৎসাসেবা পাওয়াও কঠিন। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর চিকিৎসক এসে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়ায় তাঁরা উপকৃত হয়েছেন। এ উদ্যোগের জন্য তিনি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

বোয়ালখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জ্ঞান জ্যোতি চাকমা বলেন, তাঁর ওয়ার্ডের ব্ররুবাহন হেডম্যান পাড়ায় সেনাবাহিনীর মেডিকেল টিম এসে অসচ্ছল রোগীদের চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ দিয়েছে। এ ছাড়া বিভিন্ন সময় সেনাবাহিনী স্থানীয়দের সহযোগিতা করে থাকে। এ উদ্যোগের জন্য তিনি এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

দীঘিনালা জোনের মেডিকেল অফিসার আরএমও ক্যাপ্টেন মো. আরেফ আহমেদ বলেন, জোন অধিনায়কের নির্দেশনায় দুর্গম এলাকায় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ ক্যাম্পে আসা রোগীদের মধ্যে নারী ও শিশুর পাশাপাশি বয়স্ক মানুষের সংখ্যাও বেশি।

পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের জন্য সহায়ক হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *