নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মিজানুর রহমান আখন্দকে পারিবারিক বিরোধ এবং দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে আটক করেছে সাতকানিয়া থানা পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সাতকানিয়ার কেরাণীহাটের ২ নম্বর ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে মিজানুর রহমান আখন্দকে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর কিছুদিন পর তার স্ত্রী শাহীনা আক্তারের দায়ের করা পারিবারিক বিরোধ, দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি সামনে আসে।
বাদীপক্ষের অভিযোগ, বিয়ের পর দীর্ঘদিন ধরে মিজানুর রহমান আখন্দ তার স্ত্রী শাহীনা আক্তারের সঙ্গে যোগাযোগ রাখছেন না এবং নিয়মিত ভরণপোষণও দিচ্ছেন না। বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পেয়ে শেষ পর্যন্ত তিনি আদালতের দ্বারস্থ হন।
মামলার বাদী শাহীনা আক্তার অভিযোগ করে বলেন, “বিয়ের পর দীর্ঘদিন ধরে মিজান আমার কোনো খোঁজ রাখছে না। যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে এবং ভরণপোষণও দিচ্ছে না। দীর্ঘদিন নানাভাবে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়ে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি। আমি আমার আইনগত অধিকার ও ন্যায়বিচার চাই।”
তিনি আরও দাবি করেন, তার স্বামী অন্যত্র একাধিক বিয়ে করেছেন এবং একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িত রয়েছেন।
এদিকে, আটকের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আটকের বিষয়টি সাতকানিয়া থানা ও বান্দরবান থানার ডিউটি অফিসার নিশ্চিত করেছেন বলে জানা গেছে।
