আরিফুল ইসলাম মহিন :
খাগড়াছড়ির সীমান্তবর্তী জানমারাটিলা ডাউন এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, ভারতীয় মদ, গাঁজা ও সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২ অক্টোবর শুক্রবার ভোররাতে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
৩২ বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ২৬২/২৬-এসের কাছাকাছি এলাকা দিয়ে বিদেশি অস্ত্র ও ভারতীয় মাদক পাচারের গোপন তথ্য পেয়ে বিশেষ অভিযান চালানো হয়। ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব, পিএসসির সার্বিক নির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল শুক্রবার ভোররাতে ওই এলাকায় যায়।
বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিদের একটি দল পাহাড়ি জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়। এরপর ভোররাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে বিজিবি সদস্যরা ওই এলাকায় তল্লাশি শুরু করেন।
তল্লাশির একপর্যায়ে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি বস্তা পাওয়া যায়। পরে বস্তাগুলো খুলে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি, ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩১ বোতল মদ, ৪ দশমিক ৩ কেজি গাঁজা এবং ৪৭ কার্টনে থাকা ৪৭০ প্যাকেট ভারতীয় মোনো সিগারেট জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা সব মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৬১ হাজার ২৫০ টাকা।
বিজিবির ভাষ্য অনুযায়ী, প্রথমে গোপন সংবাদের ভিত্তিতে টহলদল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। তাদের উপস্থিতি বুঝতে পেরে সন্দেহভাজনরা পালিয়ে গেলে পরে নির্দিষ্ট স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত বস্তাগুলো উদ্ধার করা হয়। সেখান থেকেই অস্ত্র, গুলি ও ভারতীয় মাদকদ্রব্য পাওয়া যায়।
জব্দ করা মালামালের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ৩২ বিজিবি। একই সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত ও আটকের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
