
জসীম উদ্দিন জয়নাল : ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও ধর্মীয় নিপীড়নের প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৫ মে জুমার নামাজ শেষে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে ইমাম ও ওলামা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি মাটিরাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তবলছড়ি চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মিছিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড দেখা যায়। এসময় “ভারতে মুসলিম নির্যাতন বন্ধ করো”, “বিশ্ব মুসলিম এক হও” এবং “নির্যাতন চালিয়ে ইসলামকে দাবিয়ে রাখা যাবে না”সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল জলিল এবং ইমাম ও ওলামা কল্যাণ ফাউন্ডেশনের নেতা আখতারুজ্জামান ফারুকী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা ইমাম ও ওলামা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. হারুন উর রশিদ বলেন, ভারতের বিভিন্ন এলাকায় মুসলিমদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনা উদ্বেগজনক। তিনি বলেন, সংখ্যালঘু মুসলিমদের ওপর সহিংসতা মানবাধিকারের পরিপন্থী এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব।
তিনি আরও বলেন, মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলকে কার্যকর ভূমিকা নিতে হবে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভারতে সংখ্যালঘু মুসলিমদের জানমাল ও ধর্মীয় স্বাধীনতা হুমকির মুখে রয়েছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায় ও মুসলিম দেশগুলোর প্রতি এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত থাকবে এবং বিশ্ব মুসলিম সম্প্রদায়ের ঐক্য জোরদার করা প্রয়োজন।
সমাবেশ শেষে ভারতসহ বিশ্বের বিভিন্ন স্থানে নির্যাতিত মুসলিমদের শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. হারুন উর রশিদ।
আপনার মতামত লিখুন :