
প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশ, দর্শকদের উচ্ছ্বাস এবং ক্ষুদে ক্রিকেটারদের দারুণ পারফরম্যান্সে খাগড়াছড়িতে শেষ হয়েছে বহুল প্রতীক্ষিত “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” ক্রিকেট টুর্নামেন্ট। ১০ মে রবিবার দুপুরে খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বালক ও বালিকা বিভাগের ফাইনাল ম্যাচকে ঘিরে পুরো স্টেডিয়ামজুড়ে ছিল প্রাণবন্ত আয়োজন।
বালক বিভাগের ফাইনালে মুখোমুখি হয় খাগড়াছড়ি পৌরসভা বালক দল ও খাগড়াছড়ি সদর উপজেলা বালক দল। উত্তেজনাপূর্ণ ম্যাচে ৪ রানের ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সদর উপজেলা দল।
অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে খাগড়াছড়ি পৌরসভা বালিকা দল ২ রানে রামগড় উপজেলা বালিকা দলকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয়।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, মেডেল ও সনদপত্র বিতরণ করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার হারুন-অর-রশিদ।
টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যেও উজ্জ্বল ছিলেন একাধিক ক্ষুদে ক্রিকেটার। বালক বিভাগে ১২১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হন খাগড়াছড়ি সদর উপজেলার রাহাত। ৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির স্বীকৃতি পান পৌরসভা দলের মেহেরাব। এছাড়া ৮৪ রান ও ৬ উইকেটের অলরাউন্ড পারফরম্যান্সে সেরা খেলোয়াড় নির্বাচিত হন জায়েদ মাহমুদ।
বালিকা বিভাগে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে একাই তিনটি পুরস্কার জিতে নেন পাইসাপ্রু মারমা। তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারি এবং সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।
দিনব্যাপী অনুষ্ঠিত ম্যাচগুলোতে খেলোয়াড়দের চমৎকার ব্যাটিং, নিয়ন্ত্রিত বোলিং ও দৃষ্টিনন্দন ফিল্ডিং দর্শকদের মুগ্ধ করে। স্টেডিয়ামে খেলোয়াড়, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের খেলোয়াড়দের প্রতিভা ও আত্মবিশ্বাস ভবিষ্যৎ ক্রীড়াঙ্গনের জন্য আশাব্যঞ্জক।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পৌর প্রশাসক রুমানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারু, ক্রীড়া সংগঠক মো. নজরুল ইসলাম, জেলা ক্রিকেট কোচ মুজাহিদ চৌধুরী, আনিসুল আলম আনিক, মাদল বড়ুয়াসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক উপস্থিত ছিলেন।
ক্ষুদে ক্রিকেটারদের প্রাণবন্ত অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের মধ্য দিয়ে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” খাগড়াছড়ির ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা তৈরির একটি অনন্য আয়োজন হিসেবে প্রশংসিত হয়েছে।
আপনার মতামত লিখুন :