মানিকছড়ি আইডিয়াল কলেজে চালু হলো সোনালী পেমেন্ট গেটওয়ে সেবা


hello.ahmedpolash প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ১:৫৩ অপরাহ্ন /
মানিকছড়ি আইডিয়াল কলেজে চালু হলো সোনালী পেমেন্ট গেটওয়ে সেবা

 

মানিকছড়ি সংবাদদাতাঃ শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনকে আরও স্বচ্ছ, সহজ ও আধুনিকায়নের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি’র উদ্ভাবিত সোনালী পেমেন্ট গেটওয়ে (এসপিজি) সেবার আওতায় যুক্ত হলো খাগড়াছড়ির মানিকছড়ি আইডিয়াল কলেজ। এর ফলে কলেজের শিক্ষার্থীরা এখন থেকে বেতন, ভর্তি ফি ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত ফি অনলাইনের মাধ্যমে সহজেই পরিশোধ করতে পারবে।

বৃহস্পতিবার ১৪ মে সকাল ১১টায় মানিকছড়ি আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে এ সংক্রান্ত চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসি’র পক্ষে রাঙ্গামাটি প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাইফুর রহমান এবং কলেজের পক্ষে অধ্যক্ষ সাজাইরি মারমা চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

সোনালী ব্যাংক পিএলসি মানিকছড়ি শাখার ব্যবস্থাপক শম্ভু নাথের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের সিনিয়র অফিসার মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙ্গামাটি প্রিন্সিপাল অফিসের এজিএম মিজানুর রহমান, মানিকছড়ি আইডিয়াল কলেজের অধ্যক্ষ সাজাইরি মারমা, মানিকছড়ি ইংলিশ স্কুলের প্রধান শিক্ষক গোলাম রসুল এবং ব্যাংকের সিনিয়র অফিসার সৌমেন বড়ুয়া।

বক্তারা বলেন, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের আর্থিক লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। এতে অভিভাবকরা ঘরে বসেই অনলাইনে বেতন ও অন্যান্য ফি পরিশোধ করতে পারবেন। একই সঙ্গে ব্যাংকিং সেবার আধুনিকায়ন ও স্বচ্ছতা নিশ্চিত হবে।

অনুষ্ঠানে কলেজের শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাংকের মধ্যে আরও সমন্বিত ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।