খাগড়াছড়ি সফরে উন্নয়ন ও সম্প্রীতির বার্তা দিলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান


hello.ahmedpolash প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৪:১৩ অপরাহ্ন /
খাগড়াছড়ি সফরে উন্নয়ন ও সম্প্রীতির বার্তা দিলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান

চাইথোয়াই মারমা : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো খাগড়াছড়ি সফর করেছেন দীপেন দেওয়ান এমপি। সফরকালে তিনি পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সমন্বিত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। ১১ মে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়িতে পৌঁছালে শহরের জিরো মাইল এলাকায় জেলা বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি খাগড়াছড়ি সার্কিট হাউসে যান।

সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি রক্ষায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল যেন পার্বত্য এলাকার প্রত্যন্ত জনগোষ্ঠীর কাছেও পৌঁছে যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি তিন পার্বত্য জেলায় উন্নয়নের সুষম বণ্টন নিশ্চিত করার কথাও উল্লেখ করেন তিনি।
সভায় জেলার শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন কর্মকর্তারা। এসময় পাহাড়ে কর্মরত কর্মকর্তাদের জন্য প্রণোদনা ও পাহাড়ি ভাতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
মন্ত্রী পর্যটন খাতের উন্নয়ন এবং সাজেক পর্যটন এলাকার সম্প্রসারণের বিষয়েও সরকারের পরিকল্পনার কথা জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি ২০৩ রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কেএম ওবায়দুল হক। এছাড়া উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা ও মংসুইথোয়াই চৌধুরী, সাধারণ সম্পাদক এসএন আফসার, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, পার্বত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল, বিজিবি সেক্টর কমান্ডার, ডিজিএফআইয়ের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।
মতবিনিময় সভায় জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, সরকারি সেবার মানোন্নয়ন এবং পার্বত্য অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে মন্ত্রী জেলার কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।