
প্রতিনিধি: সরকারের নির্বাচনি ইশতেহারের অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন বিষয়ে খাগড়াছড়িতে জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
১৩ মে বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন সরকারের মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে গৃহীত বিভিন্ন কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।
প্রেস ব্রিফিংয়ে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস এবং নদী-খাল খনন ও পুনঃখনন কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।
জেলা তথ্য অফিসার জানান, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে নারী প্রধান পরিবারের নামে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০ লাখ দরিদ্র পরিবারের জন্য এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি পরিবার মাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২ হাজার ৫শ টাকা অথবা সমমূল্যের খাদ্যসামগ্রী পাবে। খাগড়াছড়িতে তৃতীয় ধাপে রামগড় উপজেলার রামগড় ইউনিয়নে এ কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ভর্তুকি, সহজ শর্তে ঋণ, বীজ, সারসহ ১০ ধরনের সুবিধা পাবেন। পর্যায়ক্রমে ২ কোটি ৭৫ লাখ কৃষক এ সুবিধার আওতায় আসবেন। একইসঙ্গে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের উদ্যোগ গ্রহণ করেছে সরকার।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন, পুনঃখনন এবং পুনরুদ্ধারের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় হারিয়ে যাওয়া নদী ও খালের প্রাকৃতিক প্রবাহ ফিরিয়ে আনা হবে। খাগড়াছড়িতে চেঙ্গী ও মাইনী নদীতে চর অপসারণসহ বিভিন্ন খাল খননের কাজ চলমান রয়েছে।
এছাড়া আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচির আওতায় প্রতিটি শিশুকে বৃক্ষরোপণে সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বিআরটিসির মাধ্যমে নারী চালক ও নারী ব্যবস্থাপনায় বিশেষ বাস সার্ভিস চালুর পরিকল্পনার বিষয়েও অবহিত করা হয়।
গণযোগাযোগ অধিদপ্তরের গত ১৮০ দিনের কার্যক্রম তুলে ধরে জানানো হয়, সারাদেশে উন্মুক্ত বৈঠক, নারী সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শনী, সড়ক প্রচার, অনলাইন প্রচার ও কৃষক সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এর অংশ হিসেবে জেলা তথ্য অফিস খাগড়াছড়িও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাসান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। তিনি সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :