ফেইক আইডি থেকে অপপ্রচারের অভিযোগে মাটিরাঙ্গা থানায় জিডি করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান


hello.ahmedpolash প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ১২:৪০ অপরাহ্ন /
ফেইক আইডি থেকে অপপ্রচারের অভিযোগে মাটিরাঙ্গা থানায় জিডি করলেন বিএনপি নেতা জিয়াউর রহমান

পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে একাধিক ভুয়া ফেসবুক আইডি থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে দাবি করে মাটিরাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, কিছুদিন ধরে কয়েকটি ফেসবুক আইডি ব্যবহার করে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মানহানিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। অভিযোগে উল্লেখ করা হয়, এসব আইডির মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান বলেন, একটি অসাধু ও কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটি চক্র ফেইক আইডির আড়ালে থেকে মিথ্যা তথ্য প্রচার করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, “আমার পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার জন্য ধারাবাহিকভাবে অপচেষ্টা চালানো হচ্ছে। তাই ১৫ মে ২০২৬ তারিখে মাটিরাঙ্গা থানায় জিডি করেছি। আমি এসব অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাই। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।”

মাটিরাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এ ঘটনার পর স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দ্রুত দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।