
মোবারক হোসেন : খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ইন্দ্রসিং কার্বারী পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। কালো পাহাড় এলাকা থেকে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন স্থাপন করে এই প্রকল্পের মাধ্যমে তিনটি পাড়ার চার শতাধিক পরিবারের জন্য নিরাপদ পানির স্থায়ী ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
সোমবার প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, পাহাড়ি এলাকায় নিরাপত্তা পরিস্থিতি জোরদার করতে পরিচালিত অভিযানের সময় সেনাসদস্যরা কালাপাহাড় রেঞ্জের দুর্গম জনগোষ্ঠীর তীব্র পানিসংকটের বিষয়টি অবগত হন। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে ঝিরি ও প্রাকৃতিক জলাধার থেকে পানি সংগ্রহ করে দৈনন্দিন প্রয়োজন মেটাচ্ছিলেন, যা ছিল অত্যন্ত কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ।
এ অবস্থার গুরুত্ব বিবেচনা করে গুইমারা রিজিয়নের ব্যবস্থাপনায় গত ৮ ডিসেম্বর থেকে একটি বৃহৎ বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পের আওতায় হাতিছড়া পাড়া, ইন্দ্রসিং পাড়া, শুকনাছড়া ও পাঙ্কু পাড়া—এই চারটি দুর্গম এলাকাকে অন্তর্ভুক্ত করে নিরাপদ পানির স্থায়ী সমাধান নিশ্চিত করা হয়।
লক্ষ্মীছড়ি জোনের সেনাসদস্যরা প্রকল্প পরিকল্পনা, দুর্গম পাহাড়ি এলাকায় পাইপলাইন স্থাপনসহ সব ধরনের প্রযুক্তিগত ও শারীরিক শ্রমনির্ভর কাজ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করেন। প্রায় ৭ কিলোমিটার (২২ হাজার ২০০ ফুট) দীর্ঘ পানির লাইন এবং মোট ৮টি রিজার্ভ ট্যাংক স্থাপনের মাধ্যমে প্রকল্পটির বাস্তবায়ন শেষ হয়েছে।
২৪ পদাতিক ডিভিশনের সম্পূর্ণ অর্থায়নে প্রায় ২০ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে মোট ৩৭৬টি পরিবার, অর্থাৎ প্রায় ১ হাজার ৭৫০ জন দুর্গম পাহাড়ি এলাকার বাসিন্দা এখন নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাচ্ছেন।
স্থানীয়দের মতে, এই প্রকল্প পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এক নতুন অধ্যায় সৃষ্টি করেছে এবং দীর্ঘদিনের পানির সংকট দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :