
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : শীতকালীন লোকজ ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির আবহে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে আয়োজিত এ উৎসবে নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ৩১ জানুয়ারি শনিবার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার।
যুব রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের যুব প্রধান মো. আল আমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুমানা আক্তার বলেন, এ ধরনের আয়োজন লোকজ সংস্কৃতি সংরক্ষণে ভূমিকা রাখার পাশাপাশি সামাজিক বন্ধন ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করে।
পিঠা উৎসবে জেলার ১২টি সামাজিক সংগঠন অংশগ্রহণ করে। উৎসবস্থলে স্থাপিত ১২টি স্টলে ভাপা, পাটিসাপটা, চিতই, দুধ চিতইসহ নানা ধরনের শীতকালীন ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের ভাইস চেয়ারম্যান দুলাল হোসেন, সেক্রেটারি মো. আব্দুল মজিদসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
আয়োজকরা জানান, এই পিঠা উৎসবের মাধ্যমে শীতকালীন গ্রামীণ ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি তরুণদের স্বেচ্ছাসেবী কার্যক্রমে উদ্বুদ্ধ করাই ছিল মূল লক্ষ্য।
আপনার মতামত লিখুন :