
প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ভাটার কার্যক্রম বন্ধের পাশাপাশি জরিমানা আদায় ও অবকাঠামো ধ্বংস করা হয়েছে।
৭ এপ্রিল মঙ্গলবার বিকেলে উপজেলার বাটনাতলী ইউনিয়নের পান্নাবিল এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘থ্রি স্টার’ নামের একটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভাটার চিমনি ভেঙে ফেলা হয় এবং বিপুল পরিমাণ কাঁচা ইট গুড়িয়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা। এসময় খাগড়াছড়ি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশগত ছাড়পত্র ও বৈধ কাগজপত্র না থাকায় পূর্বে ওই ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু ভাটা কর্তৃপক্ষ সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে পুনরায় কার্যক্রম শুরু করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, ভাটাটি সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছিল এবং এতে পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছিল। বিশেষ করে বায়ুদূষণ, কৃষিজমির ক্ষতি এবং আশপাশের বসতবাড়ির পরিবেশ বিপর্যস্ত হওয়ার অভিযোগ ছিল।
ভ্রাম্যমাণ আদালত ভাটার সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ রাখার নির্দেশ দেন এবং ভবিষ্যতে এ ধরনের আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রদান করেন।
স্থানীয়রা জানান, অবৈধ ইটভাটার কারণে দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণ ও জনভোগান্তি তৈরি হচ্ছিল। প্রশাসনের এ অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :