বিলাইছড়িতে জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটার উপস্থিতি বাড়াতে প্রচারাভিযান


admin প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৬, ৫:২১ অপরাহ্ন /
বিলাইছড়িতে জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটার উপস্থিতি বাড়াতে প্রচারাভিযান

সুজন কুমার তঞ্চঙ্গ্যা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে বিলাইছড়িতে জনসচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনা করা হয়েছে।

১৪ জানুয়ারি বুধবার  দুপুরে উপজেলা প্রশাসন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের গণভোট বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে বাজার এলাকায় এ প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বাজারে এক সংক্ষিপ্ত সভার মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান। তিনি বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা ও রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করতে প্রত্যেক ভোটারের ভোট প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার ছালেহ আহমদ ভুইঁয়া, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. মোস্তাফা কামাল, থানা উপপরিদর্শক (এসআই) মো. নাদিম মাহমুদ, বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি রতন চক্রবর্তীসহ বাজার এলাকার শতাধিক সাধারণ মানুষ।

আয়োজকরা জানান, ভোটারদের সচেতনতা বাড়াতে এ ধরনের প্রচার কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।