জাতীয় সংসদ নির্বাচনে পোলিং এজেন্টদের প্রশিক্ষণে মাস্টার ট্রেইনারদের দুই দিনব্যাপী কর্মশালা


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৯:১৪ অপরাহ্ন /
জাতীয় সংসদ নির্বাচনে পোলিং এজেন্টদের প্রশিক্ষণে মাস্টার ট্রেইনারদের দুই দিনব্যাপী কর্মশালা

 

নুরশাদ হোসেন বাপ্পী : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পোলিং এজেন্টদের কার্যক্রমকে দক্ষ ও সুষ্ঠু করার লক্ষ্যে জেলা নির্বাচন অফিস খাগড়াছড়ি আয়োজিত দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মশালায় মাস্টার ট্রেইনারদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা পরবর্তী ধাপে প্রার্থীদের মনোনীত পোলিং এজেন্টদের সঠিক ও কার্যকর প্রশিক্ষণ দিতে সক্ষম হন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার সাহাদ, জেলা প্রশাসক, খাগড়াছড়ি ও রিটেনিং অফিসার, ২৯৮ নং আসন খাগড়াছড়ি পার্বত্য জেলা। বিশেষ অতিথি ছিলেন মির্জা সায়েম মাহমুদ, পুলিশ সুপার, খাগড়াছড়ি পার্বত্য জেলা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এস এম শাহাদাত হোসেন, জেলা নির্বাচন অফিসার, খাগড়াছড়ি পার্বত্য জেলা।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ২৯৮ নং আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনীত প্রতিটি প্রার্থী থেকে পাঁচজন করে প্রতিনিধি, যারা পরবর্তী ধাপে পোলিং এজেন্টদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো ভোটগ্রহণের দিন পোলিং এজেন্টদের দায়িত্ব ও আচরণবিধি, ভোটার সেবা, অভিযোগ নথিভুক্তকরণ এবং ভোটের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিতকরণ বিষয়ক প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধি করা। মাস্টার ট্রেইনাররা প্রার্থীদের প্রতিনিধি ও ভোটারদের প্রতি সুষ্ঠু নজরদারি নিশ্চিত করতে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে সমন্বয় এবং কার্যকর নির্দেশনা প্রদান করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও নির্বাচন অফিসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে কার্যক্রমের সুষ্ঠু পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া, প্রশিক্ষণকালীন দিনে সেমিনার ও বাস্তবিক দৃষ্টান্তের মাধ্যমে ভোটের প্রক্রিয়া, সমস্যা সমাধান এবং আচরণবিধি নিয়ে বিস্তারিত কার্যক্রম পরিচালিত হবে।
জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা জানান, এই ধরনের প্রশিক্ষণ নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ এবং সুষ্ঠু করার জন্য গুরুত্বপূর্ণ, যা ভোটারদের আস্থা ও ভরসা বৃদ্ধি করবে এবং ভোটগ্রহণকে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সহায়তা করবে।