নির্বাচন নিরাপত্তায় গুইমারা বিজিবি সেক্টরের ব্যাপক প্রস্তুতি


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৯:০৪ অপরাহ্ন /
নির্বাচন নিরাপত্তায় গুইমারা বিজিবি সেক্টরের ব্যাপক প্রস্তুতি

মোঃ আবদুল আলী : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গুইমারা সেক্টর। ভোটাররা যেন নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সীমান্ত নিরাপত্তার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে গুইমারা সেক্টর সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. মিজানুর রহমান।
ব্রিফিংয়ে সেক্টর কমান্ডার জানান, গুইমারা সেক্টরের আওতাধীন তিনটি সংসদীয় আসনের ৩৪৪টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ১০টি বেইজ ক্যাম্প স্থাপন করে ২৮টি প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
তিনি আরও জানান, নির্বাচনী এলাকাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির বিশেষায়িত ডগ স্কোয়াড ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলায় র‌্যাপিড অ্যাকশন টিম (জঅঞ), কুইক রেসপন্স ফোর্স (ছজঋ) এবং বিশেষ হেলিকপ্টার সর্বদা প্রস্তুত থাকবে।

কর্নেল মিজানুর রহমান বলেন, বিজিবি একটি পেশাদার ও নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচন কমিশন, বেসামরিক প্রশাসন এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে। সীমান্ত এলাকায় কঠোর নজরদারির মাধ্যমে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে তৎপরতা জোরদার করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর আবু হানিফ মোহাম্মদ সিহানুকসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।