দীঘিনালায় ৭ বিজিবি’র শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা


admin প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন /
দীঘিনালায় ৭ বিজিবি’র শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা

 

মো: সোহেল রানা: খাগড়াছড়ি দীঘিনালা বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) শীতার্ত ও অসহায় মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে।

১২ জানুয়ারি সোমবার দীঘিনালার ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠ ও কবাখালী আল-আমিন বারীয়া ইবতেদায়ী মাদ্রাসা মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ উপস্থিত থেকে ৩৫০টির বেশি শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। পাশাপাশি মেডিকেল অফিসার ক্যাপ্টেন এম. আবদুল্লাহ আল-মামুনের নেতৃত্বে আয়োজিত মেডিকেল ক্যাম্পে ৪৫০ জনের বেশি দুস্থ ও অসহায় ব্যক্তিকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীর উপস্থিতিতে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

শীতবস্ত্র ও চিকিৎসা সেবা পাওয়া মানুষরা সন্তোষ প্রকাশ করেছেন এবং এই মানবিক উদ্যোগের জন্য ৭ বিজিবি’র প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

৭ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বলেন, “সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনসহ মানবিক ও সামাজিক দায়িত্ব নিয়মিতভাবে পালন করা হয়। দেশের যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিজিবি জনগণের পাশে থাকবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময়ও ভোটকেন্দ্রগুলিতে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন থাকবে।”