দীঘিনালায় অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ


admin প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৬, ১:৪৫ অপরাহ্ন /
দীঘিনালায় অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

মো. সোহেল রানা :

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ‘আমরা পারি যুব ফাউন্ডেশন’-এর উদ্যোগে অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও বিধবা পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

১৬ মার্চ সোমবার  পবিত্র রমজানের ২৬ তারিখ সকালে উপজেলার কবাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে অর্ধশতাধিক পরিবারের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও সাংবাদিক মো. সোহেল রানা, সাধারণ সম্পাদক সুমন উদ্দিন, কবাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. তাজুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, মো. মাসুদ রানা, মো. আবু তাহেরসহ অন্যান্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, ঘরে ঘরে গিয়ে প্রতিবন্ধী ও বিধবা পরিবারের হাতে ঈদ উপহার পৌঁছে দেওয়ার এই উদ্যোগ ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয়। সমাজের বিত্তবানরা এ ধরনের উদ্যোগ নিলে অসহায় মানুষরাও আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবে।

সংগঠনের সভাপতি মো. সোহেল রানা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমরা এই উদ্যোগ নিয়েছি। সংগঠনের সদস্যদের সহযোগিতায় অসহায় পরিবারের মাঝে সেমাই, চিনি, সয়াবিন তেল, গুঁড়ো দুধ, নুডলস ও সসসহ বিভিন্ন খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

কবাখালী ইউনিয়নের হাচিনসনপুর এলাকার বাসিন্দা সমর্থ বানু (৬৫) ও প্রতিবন্ধী জোসনা আক্তার জানান, ঈদের সময় তারা অনেক কষ্টে দিন কাটান। অনেক সময় সেমাই-চিনি কেনার সামর্থ্যও থাকে না। এ ধরনের সহায়তা পেয়ে তারা ও তাদের সন্তানরা অনেক খুশি।