
মো. সোহেল রানা :
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের পাবলাখালী শান্তিপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
১০ এপ্রিল শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং একে একে দোকানগুলো পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পঙ্কজ কুমার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত কাপড় ব্যবসায়ী উৎপল দেওয়ান জানান, বৈসাবি, বিজু ও পহেলা বৈশাখ উপলক্ষে তিনি প্রায় দেড় লাখ টাকার কাপড় দোকানে তুলেছিলেন। রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পর আগুনের খবর পেয়ে এসে দেখেন তার দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে তার প্রায় ২ থেকে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
চা ও ফটোকপি দোকানদার সুরেশ চাকমা বলেন, সকালে খবর পেয়ে এসে দেখেন তার দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ। তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, হঠাৎ দুর্ঘটনায় বড় ধরনের ক্ষতি হয়ে থাকে। শুষ্ক মৌসুমে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে বলেও তিনি জানান।
আপনার মতামত লিখুন :