
মো সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে আর্থিক সহায়তা প্রদান করেছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় এই সহায়তা প্রদান করা হয়।
৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দীঘিনালা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তার চেক তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, বোয়ালখালী নতুন বাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৪ জন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা করে এবং ১৪ জন ভাসমান দোকানদারকে ৫ হাজার টাকা করে মোট ৫ লাখ ৮০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
চেক বিতরণকালে জেলা প্রশাসক বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে অনেক বেশি হলেও সরকারি সহায়তা সীমিত। তাই ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, গত ২৭ মার্চ গভীর রাতে বোয়ালখালী নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৪৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়, যার ফলে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েন।
আপনার মতামত লিখুন :