
প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে খাগড়াছড়িতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়ন কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে. এম. ওবায়দুল হক।
সভায় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি, ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে নজরদারি বৃদ্ধি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় আরও সুসংহত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিশ্চিত করতে গৃহীত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর প্রতিনিধিরা দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে রিজিয়ন কমান্ডার বলেন, “নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ এবং জনগণের জানমাল রক্ষায় সবাইকে সর্বোচ্চ প্রস্তুতি ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
আপনার মতামত লিখুন :