খাগড়াছড়ির রেডমার্ক কেন্দ্রগুলোতে সুষ্ঠু ভোটের দাবিতে প্রার্থীদের সংবাদ সম্মেলন


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন /
খাগড়াছড়ির রেডমার্ক কেন্দ্রগুলোতে সুষ্ঠু ভোটের দাবিতে প্রার্থীদের সংবাদ সম্মেলন

নুরশাদ হোসেন বাপ্পী : খাগড়াছড়ি সংসদীয় আসনের ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ (রেডমার্ক) ভোটকেন্দ্রগুলোতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।
৫ ফেব্রুয়ারি বুধবার খাগড়াছড়ি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আ. মালেক মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। দীর্ঘ রাজনৈতিক আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে ঘিরে নতুন ভোটার ও তরুণ সমাজের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হলেও ভোটের দিন নিরাপত্তা ও নিরপেক্ষতা নিয়ে ভোটারদের মধ্যে উদ্বেগ রয়েছে।
তিনি জানান, খাগড়াছড়ি আসনের মোট ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১২১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ (রেডমার্ক) হিসেবে চিহ্নিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার মাঠপর্যায়ের তথ্য এই চিত্র তুলে ধরেছে, যা ভোটারদের মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পাহাড়ি অঞ্চলের কিছু সশস্ত্র সংগঠন নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট আদায়ের উদ্দেশ্যে সাধারণ ভোটারদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। কোথাও কোথাও হামলা ও প্রার্থীদের প্রচারণায় বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়।

বক্তারা আরও বলেন, দুর্গম ভৌগোলিক অবস্থা, সীমান্তবর্তী ঝুঁকি, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো এবং নির্বাচনী কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগের মাধ্যমে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার একটি পরিকল্পিত আশঙ্কা রয়েছে।
সংবাদ সম্মেলন থেকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ছয় দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন, ভোটের আগেই দুর্গম এলাকায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান, কেন্দ্রভিত্তিক কঠোর নিরাপত্তা ব্যবস্থা, মোবাইল টহল জোরদার, স্থানীয় হেডম্যান ও কারবারিদের সম্পৃক্তকরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রোধে কঠোর নজরদারি।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের অনিয়ম, সহিংসতা বা উগ্র তৎপরতা দেখা দিলে তাৎক্ষণিক ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মিথিলা রোয়াজা, গণঅধিকার পরিষদের প্রার্থী দীনময় রোয়াজা এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. নূর ইসলাম উপস্থিত ছিলেন।
বক্তারা আশা প্রকাশ করেন, পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর সম্মিলিত সচেতনতা এবং প্রশাসনের কার্যকর ভূমিকার মাধ্যমে খাগড়াছড়িতে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।