খাগড়াছড়িতে মাশরুম চাষ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন /
খাগড়াছড়িতে মাশরুম চাষ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

ছোটন বিশ্বাস: খাগড়াছড়িতে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসে মাশরুম চাষ সম্প্রসারণের লক্ষ্যে একটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের বিকল্প আয়ের উৎস হিসেবে মাশরুম চাষে উদ্বুদ্ধ করা হয়।
৭ এপ্রিল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার কলমছড়ি এলাকার বিচিতলা মারমা পাড়ায় এই মাঠ দিবসের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র খাগড়াছড়ির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুস সাত্তার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাশরুম অত্যন্ত পুষ্টিকর ও ঔষধিগুণসম্পন্ন খাদ্য। বর্তমান বাজারে এর চাহিদা ক্রমেই বাড়ছে। অল্প জায়গায় এবং স্বল্প খরচে মাশরুম চাষ সম্ভব হওয়ায় এটি কৃষকদের জন্য একটি লাভজনক উদ্যোগ হতে পারে। তিনি কৃষকদের ঘরের এক কোণেও মাশরুম চাষ শুরু করার আহ্বান জানান এবং প্রয়োজনীয় সহায়তার জন্য কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
অনুষ্ঠানে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, উদ্যানতত্ত্ববিদ এবং স্থানীয় কৃষক প্রতিনিধিরা। তারা মাশরুম চাষের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং এর অর্থনৈতিক সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন।
বক্তারা জানান, মাশরুম চাষের মাধ্যমে স্বল্প সময়ে আয় করা সম্ভব, যা গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে পার্বত্য অঞ্চলের কৃষকদের জন্য এটি একটি সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচিত হচ্ছে।
মাঠ দিবসে স্থানীয় কৃষক, নারী উদ্যোক্তা ও আগ্রহী অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। তারা মাশরুম চাষের পদ্ধতি ও ব্যবস্থাপনা সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন।