
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে প্রধান ঈদের জামাত। এ উপলক্ষে জেলা সদরের পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মুসল্লিদের ব্যাপক সমাগম ঘটে।
২১ মার্চ শনিবার সকালে অনুষ্ঠিত এ জামাতে অংশ নিতে সকাল থেকেই দলে দলে মুসল্লিরা ঈদগাহ মাঠে জড়ো হন। এক পর্যায়ে পুরো মাঠ ভরে গিয়ে তা এক বিশাল মিলনমেলায় পরিণত হয়।
জামাতে ইমামতি করেন খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহে জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল নবী হক্কানী। খুতবায় তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন। পাশাপাশি মানবতা, সম্প্রীতি ও ঐক্যের বার্তা তুলে ধরেন।
ঈদের এ প্রধান জামাতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এতে ভেদাভেদ ভুলে সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়।
প্রতি বছরের মতো এবারও খাগড়াছড়ির প্রধান ঈদ জামাত ধর্মীয় আয়োজনের পাশাপাশি সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ধরা দিয়েছে।
আপনার মতামত লিখুন :