খাগড়াছড়িতে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে রাইস ট্রান্সপ্ল্যান্টারে ধানের চারা রোপণ


admin প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন /
খাগড়াছড়িতে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে রাইস ট্রান্সপ্ল্যান্টারে ধানের চারা রোপণ

 

ছোটন বিশ্বাস: খাগড়াছড়িতে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রম পরিচালনা করেছে খাগড়াছড়ি ব্রি আঞ্চলিক কার্যালয়।

১২ জানুয়ারি সোমবার  বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ব্লকের পাইলটপাড়া প্রযুক্তি গ্রামে স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন (এলএসটিডি) প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতির প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রমের অংশ হিসেবে কৃষকের তিন একর জমিতে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে খাগড়াছড়ি ব্রি আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা মীর ওবায়দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি আঞ্চলিক কার্যালয়, খাগড়াছড়ির প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম।

এসময় তিনি বলেন, এলএসটিডি প্রকল্পের অর্থায়নে বোরো মৌসুমে প্লাস্টিক ট্রেতে উৎপাদিত কম বয়সী ধানের চারা রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে রোপণ করা হয়েছে, যা সময়, শ্রম ও উৎপাদন ব্যয় সাশ্রয়ী। এতে কৃষকের ধান উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।

কার্যক্রমে অংশগ্রহণকারী কৃষক বাবলু চাকমা বলেন, এ পদ্ধতিতে ধান চাষ দেখে গ্রামের অন্যান্য কৃষকরাও উদ্বুদ্ধ হচ্ছেন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ধান চাষে আগ্রহ প্রকাশ করছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ওংকার বিশ্বাস, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলম। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাব্বী হাসান।

উল্লেখ্য, এর আগে সংশ্লিষ্ট তিন একর জমির জন্য কৃষক পর্যায়ে ২৪০টি প্লাস্টিক ট্রে, ব্রি উদ্ভাবিত আধুনিক জাতের বীজ ধানসহ সার, কীটনাশক, ছত্রাকনাশক, আগাছানাশক ও সাইনবোর্ড বিতরণ করা হয়েছে। পাইলটপাড়া প্রযুক্তি গ্রামে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে কৃষি যন্ত্রপাতির প্রায়োগিক পরীক্ষণের পাশাপাশি ৪০ একর জমিতে প্রদর্শনী কার্যক্রম ও পাঁচটি গবেষণা কার্যক্রম চলমান রয়েছে।