
আরিফুল ইসলাম মহিন : খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর ব্যবস্থাপনায় বিজিবি দিবস উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১টায় খাগড়াছড়ি ব্যাটালিয়ন সদর দপ্তরে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম এবং ডিজিএফআই খাগড়াছড়ির কর্নেল জিএস মো. মাহফুজ উল বারী।
এ ছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতসহ জেলার সামরিক, পুলিশ ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রীতিভোজ অনুষ্ঠানের শুরুতে কেক কাটার মাধ্যমে বিজিবি দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। এ সময় সেক্টর সদর দপ্তর ও খাগড়াছড়ি ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত সদস্য ব্যতীত সকল কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবীর সদস্য এবং অসামরিক কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে বিজিবি দিবস উপলক্ষে খাগড়াছড়ি ব্যাটালিয়নের আওতাধীন সকল বিওপিতেও পৃথকভাবে প্রীতিভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পার্বত্য অঞ্চলে বিজিবি, সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসনের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা এবং ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :