খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


admin প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন /
খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধি : খাগড়াছড়ির দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি এলাকায় শীতার্ত ও অসচ্ছল মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দুই শতাধিক মানুষ উপকৃত হয়েছেন এই মানবিক উদ্যোগে।

২০ জানুয়ারি মঙ্গলবার  সকাল থেকে দিনব্যাপী মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের ভগবান টিলা, ঘিলাতলী, চাকমা পাড়া ও অন্যান্য দুর্গম এলাকায় কম্বল বিতরণ করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়দের বরাতে জানা গেছে, ভগবান টিলাসহ এসব পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছায়নি। পর্যাপ্ত স্কুল, কলেজ বা স্বাস্থ্যসেবা কেন্দ্রের অভাব রয়েছে। দুর্গমতার কারণে সরকারি সহায়তা কার্যক্রমও সীমিত।

স্থানীয়রা জানান, প্রথমবারের মতো পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে শীতবস্ত্র পেয়ে তারা আবেগে আপ্লুত হয়েছেন। শীতের রাতে এই কম্বল তাদের জন্য বড় সহায়ক হয়েছে।

শীতবস্ত্র বিতরণের সময় চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন,
“পাহাড়ের প্রত্যন্ত ও অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যারা বছরের পর বছর সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত, তাদের জীবনমান উন্নয়নে পার্বত্য জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক সেবা নিশ্চিত করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

এই কার্যক্রমে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি লক্ষ্য করা যায়। অনেকেই এটিকে পাহাড়ি মানুষের জন্য মানবিক ও আশাব্যঞ্জক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।