
সবুজ পাতা ডেস্ক:
খাগড়াছড়ির পানছড়ি সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, গত ১০ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধীন বৌদ্ধমনিপাড়া বিওপির একটি বিশেষ টহলদল কাঠালতলী যাত্রী ছাউনি এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ৮টার দিকে সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে চারজন সন্দেহভাজন ব্যক্তি অতিক্রম করার সময় টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা মোটরসাইকেল ফেলে পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় দুটি মোটরসাইকেল এবং ৭.৬২ মি.মি. এসএমজি’র ১৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রী নিয়ে ফেরার পথে প্রায় ১০০-১১০ জন সন্ত্রাসী সদস্য টহলদলকে ঘেরাও করার চেষ্টা করে। তবে বিজিবি সদস্যদের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসিকতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে ব্যাটালিয়ন সদর থেকে অতিরিক্ত টহলদল ঘটনাস্থলের দিকে অগ্রসর হলে সন্ত্রাসীরা সরে যায়।
পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :