
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : কৃষকদের জন্য সরকারের বিভিন্ন সহায়ক কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে খাগড়াছড়িতে কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১২ মে মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের মুনিগ্রাম প্রতিবন্ধপাড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ বিষয়ে অবহিতকরণমূলক এ সমাবেশ আয়োজন করা হয়।
জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল। তিনি বলেন, কৃষকদের জীবনমান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের তথ্যভান্ডার তৈরি, সহজ শর্তে কৃষি সহায়তা এবং প্রান্তিক কৃষকদের ঋণ সুবিধা নিশ্চিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কৃষকদের নতুন প্রযুক্তি ও উন্নত জাতের ব্যবহারে আগ্রহী হতে হবে। আধুনিক কৃষি পদ্ধতি দেশের কৃষি ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাসির উদ্দিন, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. আহসানুল হক চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা, জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেনসহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কৃষকেরা।
সমাবেশ শেষে “কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্য সামনে রেখে মসলার উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ে মাঠ দিবস ও কারিগরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের “মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত জাতের মসলা উৎপাদন, রোগবালাই দমন এবং লাভজনক কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। অংশগ্রহণকারী কৃষকেরা সরকারের এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও কৃষিবান্ধব বলে মন্তব্য করেন।
আপনার মতামত লিখুন :