
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১২ মে মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে বিভিন্ন নারী, সামাজিক ও উন্নয়ন সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
খাগড়াছড়ি মহিলা কল্যাণ সমিতি, উইমেন্স রিসোর্স নেটওয়ার্কসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে আয়োজিত মানববন্ধনে নারী নেত্রী, শিক্ষার্থী, সচেতন নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় অংশগ্রহণকারীরা শিক্ষাঙ্গনে যৌন হয়রানি বন্ধ ও নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিতের দাবিতে নানা স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ হওয়ার কথা থাকলেও দেশের বিভিন্ন স্থানে যৌন হয়রানির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষ করে নারী শিক্ষার্থীরা ভয়, সামাজিক সংকোচ ও অনিশ্চয়তার কারণে অনেক সময় অভিযোগ জানাতে পারে না। এতে অপরাধীরা বারবার একই ধরনের কর্মকাণ্ডের সুযোগ পাচ্ছে।
তারা আরও বলেন, যৌন হয়রানি প্রতিরোধে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়; প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর নীতিমালা, নিয়মিত মনিটরিং এবং সচেতনতামূলক কার্যক্রম চালু করা জরুরি। পাশাপাশি পৃথক অভিযোগ গ্রহণ সেল, সিসিটিভি ক্যামেরা স্থাপন, মনিটরিং কমিটি গঠন এবং নিরাপদ অভিযোগ ব্যবস্থার দাবিও জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা, খাগড়াছড়ি মহিলা কল্যাণ সমিতির প্রোগ্রাম কো-অর্ডিনেটর মনিষা তালুকদার, নারী হেডম্যান-কার্বারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইখিন চৌধুরী, উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের সদস্য স্বপ্না চাকমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলম, ‘আলো’র প্রতিনিধি সোমেল তালুকদার এবং বিদর্শন চাকমাসহ আরও অনেকে।
কর্মসূচি শেষে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে দ্রুত কার্যকর ও বাস্তবমুখী নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়।
আপনার মতামত লিখুন :