পাহাড়ে বর্ণিল আয়োজনে নদীতে ফুল ভাসিয়ে উদযাপিত হচ্ছে চাকমা সম্প্রদায়ের ফুল বিজু


admin প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৬, ৮:১৮ অপরাহ্ন /
পাহাড়ে বর্ণিল আয়োজনে নদীতে ফুল ভাসিয়ে উদযাপিত হচ্ছে চাকমা সম্প্রদায়ের ফুল বিজু

 

মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নদীতে ফুল ভাসিয়ে উদযাপিত হচ্ছে চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ফুল বিজু। পাহাড়ি জনপদজুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা।
১২ এপ্রিল রবিবার ভোরে ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দীঘিনালার মাইনী নদীর তীরে সমবেত হন। নদীর জলে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় উৎসবের মূল আনুষ্ঠানিকতা। পুরোনো বছরের দুঃখ-কষ্ট ও গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানিয়ে সুখ-শান্তি ও দেশের মঙ্গল কামনায় প্রার্থনা করেন সবাই।
উৎসবে অংশগ্রহণকারী মনিষা চাকমা বলেন, পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের মঙ্গল কামনায় তারা ফুল ভাসিয়েছেন। তিনি আরও বলেন, ফুল বিজু তাদের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ এবং এই উৎসব সবাই মিলে উদযাপন করতে পারাটাই সবচেয়ে বড় আনন্দ।
বিজু উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক ও কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা বলেন, ফুল বিজু শুধু একটি উৎসব নয়, এটি তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। সব বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।
এদিকে, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, বিজু কেবল চাকমা সম্প্রদায়ের উৎসব নয়, এটি পার্বত্য অঞ্চলের সব জনগোষ্ঠীর সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে, যা সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।
উল্লেখ্য, ফুল বিজুর পরদিন পালিত হবে মূল বিজু। একই সঙ্গে পাহাড়ে শুরু হচ্ছে ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু এবং মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব, যা পার্বত্য চট্টগ্রামের বহুমাত্রিক সংস্কৃতি ও ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতিফলন।