নববর্ষে সিএইচটি সম্প্রীতি জোটের শুভেচ্ছা বার্তা


admin প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৬, ৮:০০ অপরাহ্ন /
নববর্ষে সিএইচটি সম্প্রীতি জোটের শুভেচ্ছা বার্তা

 

সবুজ পাতার ডেস্ক : পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বিদ্যমান সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট। পাহাড়ের প্রধান সামাজিক উৎসবসমূহ এবং নতুন বছরের আগমন উপলক্ষে সংগঠনটির পক্ষ থেকে এ শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়েছে।

এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক পার্বত্য অঞ্চলের সকল শ্রেণি-পেশার মানুষকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের উৎসব যেমন সিনিং নাইং, সাংগ্রাই, বিষু ও চাক্রান কেবল উৎসব নয়—এগুলো পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় সংস্কৃতি ও সহাবস্থানের প্রতীক।

তিনি আরও উল্লেখ করেন, পুরাতন বছরের সকল দুঃখ, গ্লানি ও বিভেদ ভুলে গিয়ে নতুন বছর যেন শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদারের বার্তা নিয়ে আসে। পাহাড়ে টেকসই শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া এবং সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি করাই সংগঠনের মূল লক্ষ্য বলেও তিনি জানান।

বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, নতুন বছরে পার্বত্য চট্টগ্রামের সব জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বিশ্বাস আরও দৃঢ় হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। একই সঙ্গে সকল সম্প্রদায়ের উৎসব যেন আনন্দময়, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপিত হয়—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।