
প্রতিনিধি:খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায় এবং পরবর্তীতে সশস্ত্র একটি দল টহলদলকে ঘিরে ফেললেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয় বিজিবি।
১০ এপ্রিল শুক্রবার রাতে পানছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ৮টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন সন্দেহভাজন ব্যক্তি ওই এলাকায় প্রবেশ করলে টহলদল তাদের থামার নির্দেশ দেয়। এসময় তারা মোটরসাইকেল ফেলে দ্রুত পাহাড়ি পথে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭ দশমিক ৬২ মিলিমিটার এসএমজি’র প্রায় ১৪০০ রাউন্ড গুলি এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রী নিয়ে ফেরার পথে টহলদলকে ঘিরে ফেলে আনুমানিক শতাধিক সশস্ত্র ব্যক্তি। তবে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক কৌশল ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে নিরাপদে ফিরে আসতে সক্ষম হন।
পরবর্তীতে অতিরিক্ত টহলদল ঘটনাস্থলের দিকে অগ্রসর হলে সশস্ত্র দলটি ধীরে ধীরে সরে যায় বলে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন কৌশলে অবৈধ কার্যক্রম চালানোর চেষ্টা থাকলেও তা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :