মানিকছড়িতে পাহাড় কাটার ঘটনায় প্রশাসনের উচ্চপর্যায়ের পরিদর্শন পরিবেশ আইনে মামলা


admin প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৬, ৭:৩২ অপরাহ্ন /
মানিকছড়িতে পাহাড় কাটার ঘটনায় প্রশাসনের উচ্চপর্যায়ের পরিদর্শন পরিবেশ আইনে মামলা

মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া এলাকার মাস্টার পাড়া এলাকায় এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহাম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান, পাহাড় কাটার অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল সরেজমিনে দেখা হয়েছে এবং ইতোমধ্যে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। তিনি বলেন, অবৈধভাবে পাহাড় কাটা একটি গুরুতর অপরাধ এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসন এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
এর আগে ৫ এপ্রিল রবিবার দুপুরে একই ইউনিয়নের খাড়িছড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে একটি এক্সকাভেটর ও একটি মাটি কাটার গাড়ি জব্দ করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র এলাকায় পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছিল, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের এ ধরনের পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, পাহাড় রক্ষায় কঠোর অবস্থান এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকলে পরিবেশ সুরক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে।