
প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা উপজেলার কুকিছড়া এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় সন্দেহভাজন কয়েকজন পালিয়ে যায়।
৮ মার্চ বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। এ সময় সিন্দুকছড়ি, মহালছড়ি ও মাটিরাঙ্গা জোনের সদস্যরা সমন্বিতভাবে ‘কর্ডন অ্যান্ড সার্চ’ কার্যক্রম চালায়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, কুকিছড়াপাড়ার একটি বাড়িতে সশস্ত্র একটি গ্রুপের অবস্থানের তথ্যের ভিত্তিতে ওই এলাকা ঘিরে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তি দৌড়ে নিকটবর্তী ছড়ায় ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে তারা দুর্গম পাহাড়ি এলাকায় আশ্রয় নেয় বলে ধারণা করা হচ্ছে।
তল্লাশি অভিযানে একটি দেশীয় পিস্তল, একটি পাইপগান, ছয় রাউন্ড গুলি এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, পার্বত্য অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :