পানছড়িতে তেল বিক্রি নিয়ে সংঘষে আহত-৩


admin প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন /
পানছড়িতে তেল বিক্রি নিয়ে সংঘষে আহত-৩

প্রতিনিধি:খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় তেল বিক্রিকে কেন্দ্র করে দোকান কর্মচারী ও ক্রেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। ৭ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পানছড়ি বাজারের তবলছড়ি সড়কে অবস্থিত একটি তেলের দোকানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক ব্যক্তি তার ট্রাক্টরের জন্য প্রথমে নির্ধারিত পরিমাণ তেল ক্রয় করেন। পরে তার পরিবারের আরেক সদস্য একই দোকান থেকে পুনরায় তেল নিতে গেলে দোকান কর্মচারীর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে দোকান কর্মচারী আহত হন বলে জানা যায়। পরবর্তীতে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় ধারালো ও ভারী বস্তু দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে দুই ভাইসহ অন্তত তিনজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।