খাগড়াছড়িতে বৈসাবি‘র প্রধান শোভাযাত্রায় পাহাড়ি ও বাঙালি সংস্কৃতির বর্ণিল উপস্থাপনা


admin প্রকাশের সময় : এপ্রিল ৭, ২০২৬, ১:৩৯ অপরাহ্ন /
খাগড়াছড়িতে বৈসাবি‘র প্রধান শোভাযাত্রায় পাহাড়ি ও বাঙালি সংস্কৃতির বর্ণিল উপস্থাপনা

 

মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ : পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব বৈসাবি উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় জেলার প্রধান শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে কবুতর ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাজিয়া তাহের, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার সাহাদাত হোসেন এবং অন্যান্য পদস্থ কর্মকর্তারা।

শোভাযাত্রাটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা টাউন হল পর্যন্ত চলে। শোভাযাত্রায় অংশ নেন হাজারো পাহাড়ি ও বাঙালি নাগরিক। এতে চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার, বাদ্যযন্ত্র এবং মারমাদের ঐতিহ্যবাহী পানি খেলা প্রদর্শিত হয়।

স্থানীয়রা জানান, শোভাযাত্রার মূল উদ্দেশ্য হলো পার্বত্য অঞ্চলের ভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি ও ঐক্যের বার্তা তুলে ধরা। শোভাযাত্রায় এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে।

উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ এপ্রিল চাকমা সম্প্রদায়ের নদীতে ফুল ফেলার অনুষ্ঠানের মাধ্যমে পাহাড়ে বর্ষবরণ উৎসব ‘বৈসাবি’ শুরু হবে। এই উৎসবকে ঘিরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও সামাজিক কার্যক্রমও আয়োজন করা হবে, যা পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতির সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শোভাযাত্রা ও অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, বৈসাবি শুধু সামাজিক মিলন নয়, এটি পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক।