
পার্বত্যাঞ্চল প্রতিনিধি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় জ্বালানি তেলের সংকট মোকাবিলা ও শৃঙ্খলা বজায় রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই প্রায় এক হাজার মোটরসাইকেলে তেল বিতরণ করা হয়েছে।
৬ এপ্রিল সোমবার রাত ৭টার দিকে পৌর শহরের একটি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান সরাসরি উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন।
সাধারণত এ ধরনের পরিস্থিতিতে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা দেখা গেলেও এদিন ছিল ভিন্ন চিত্র। চালকরা নির্ধারিত লাইনে দাঁড়িয়ে ধৈর্যের সঙ্গে তাদের পালা অনুযায়ী তেল সংগ্রহ করেন।
স্থানীয় মোটরসাইকেল চালকরা জানান, প্রশাসনের সরাসরি তদারকির কারণে তারা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই দ্রুত তেল সংগ্রহ করতে পেরেছেন। সিরিয়াল মেনে চলায় সবাই সমানভাবে সুযোগ পেয়েছেন বলেও তারা উল্লেখ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান জানান, সাধারণ মানুষ যাতে সহজে জ্বালানি সংগ্রহ করতে পারেন, সেটি নিশ্চিত করাই ছিল মূল উদ্দেশ্য। সকলের সহযোগিতায় স্বল্প সময়ের মধ্যেই সুশৃঙ্খলভাবে তেল বিতরণ সম্ভব হয়েছে। তিনি ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান।
আপনার মতামত লিখুন :