
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :
২৪ মার্চ ২০২৬ খাগড়াছড়ির দীঘিনালায় ঈদুল ফিতর উপলক্ষে ব্যতিক্রমধর্মী ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বোয়ালখালী সম্প্রীতি ফোরামের আয়োজনে এ অনুষ্ঠান সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের এক মিলনমেলায় পরিণত হয়।
প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও দীঘিনালা উপজেলার বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আয়োজন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ উৎসবস্থলে জড়ো হন।
এতে ত্রিপুরা, চাকমা, মারমা, রাখাইনসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ অংশ নেন। সবাই মিলে ভেদাভেদ ভুলে একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
অনুষ্ঠানে ছিল বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন। গান, নাচ ও ঐতিহ্যবাহী পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
আয়োজনের অন্যতম উদ্যোক্তা জেলা ছাত্রদলের সভাপতি মো. আরিফুল ইসলাম জাহিদ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একত্রিত করাই এই উৎসবের মূল লক্ষ্য। এর মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ আয়োজন শুধু একটি উৎসব নয়, বরং পাহাড়ি জনপদের অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :