পেরাছড়া উচ্চ বিদ্যালয়ে অগ্নিকাণ্ড  পরিদর্শনে প্রশাসন


admin প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৬, ১:৩২ অপরাহ্ন /
পেরাছড়া উচ্চ বিদ্যালয়ে অগ্নিকাণ্ড  পরিদর্শনে প্রশাসন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক :

খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পেরাছড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা।

১৬ মার্চ সোমবার  সকালে তারা বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে আগুনে পুড়ে যাওয়া ভবন ও ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে পরিদর্শন করেন এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিস্বার খীসা জানান, শনিবার গভীর রাতে আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন, বিদ্যালয়ের পুরোনো টিনশেড ভবনটি সম্পূর্ণ পুড়ে গেছে। ভবনের ভেতরে থাকা হলরুম, বেঞ্চ, টেবিল, ফ্যান ও বিভিন্ন সাংস্কৃতিক সামগ্রী আগুনে ধ্বংস হয়ে যায়। এতে ভবনটি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এবং সেখানে পাঠদান চালানো সম্ভব নয়। তিনি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা বলেন, বিদ্যালয়ের পুরোনো ভবনে দুটি বড় হলরুমসহ মোট তিনটি কক্ষ ছিল, যা অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যশস্যসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হবে বলে তিনি জানান।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, আগুনে বিদ্যালয়ের পুরোনো ভবনটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আসন্ন ঈদের পর ক্লাস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় যেন বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

উল্লেখ্য, খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ধর্মপুর এলাকায় অবস্থিত বিদ্যালয়টির পুরোনো ভবনে  ১৪ মার্চ শনিবার  রাত প্রায় ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ভবনটি সম্পূর্ণ পুড়ে যায়।