মহালছড়িতে শুরু হলো ১ম উপজেলা কাব ক্যাম্পুরী ও ৪র্থ স্কাউট সমাবেশ  


admin প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২৬, ৮:০৮ অপরাহ্ন /
মহালছড়িতে শুরু হলো ১ম উপজেলা কাব ক্যাম্পুরী ও ৪র্থ স্কাউট সমাবেশ  

ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ১ম উপজেলা কাব ক্যাম্পুরী ও ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ ২০২৬। বাংলাদেশ স্কাউটস, মহালছড়ি উপজেলার উদ্যোগে আয়োজিত এই সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠান ২২ জানুয়ারি বৃহস্পতিবার  বিকাল সাড়ে ৩টায় মহালছড়ি উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ চাকমা, মহালছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শফিকুল ইসলাম এবং মহালছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এডিন চাকমা। এছাড়া উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্কাউট শিক্ষক এবং কাব লিডাররা অনুষ্ঠানে অংশ নেন।

সমাবেশের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ জয়নাল আবেদীন, সহকারী শিক্ষক ও উপকমিশনার (আইসিটি ও মেম্বারশিপ রেজিস্ট্রেশন বিভাগ), বাংলাদেশ স্কাউট, চট্টগ্রাম অঞ্চল।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান বলেন, স্কাউটিং কার্যক্রম শিশু-কিশোরদের নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাব স্কাউট ও স্কাউট আন্দোলনের মাধ্যমে আগামীর প্রজন্ম দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে। তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলে স্কাউট আন্দোলন বিস্তারে এ ধরনের ক্যাম্পুরী ও সমাবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে কাব স্কাউট ও স্কাউটদের অংশগ্রহণে মনোমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বেলুন ও পায়রা উড়িয়ে সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

এ সমাবেশে মহালছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একটি সরকারি কলেজ, ১০টি উচ্চ বিদ্যালয় ও ৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট ও স্কাউট সদস্যরা অংশগ্রহণ করছে। কয়েকদিনব্যাপী এই আয়োজনের মধ্যে রয়েছে ক্যাম্প ফায়ার, সাংস্কৃতিক অনুষ্ঠান, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, খেলাধুলা ও স্কাউটিং বিষয়ক নানা কার্যক্রম।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, স্কাউট লিডার, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।