
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদ জানিয়ে এবং দ্রুত নির্বাচন আয়োজনের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ২১ জানুয়ারি বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুস সাত্তারের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি চেঙ্গী স্কোয়ার থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট চত্বর ঘুরে শাপলা চত্বরের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের ন্যায্য ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। দীর্ঘদিন ধরে শাকসু নির্বাচন স্থগিত থাকায় শিক্ষার্থীরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে শাকসু নির্বাচন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুস সাত্তার, সেক্রেটারি মো. ইউসুফ, সংগঠনের সদস্য নিজাম উদ্দিন ও মোহাম্মদ বিন কাসিম।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অচিরেই শাকসু নির্বাচনের উদ্যোগ নেওয়া না হলে ছাত্রশিবির আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
সমাবেশ চলাকালে বিক্ষোভকারীরা শাকসু নির্বাচন দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
আপনার মতামত লিখুন :