৩বিজিবির উদ্যোগে মাদ্রাসা ও অসহায় পরিবারে সহযোগীতা প্রদান


admin প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন /
৩বিজিবির উদ্যোগে মাদ্রাসা ও অসহায় পরিবারে সহযোগীতা প্রদান

 

প্রতিনিধি : পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়নের লক্ষ্য নিয়ে জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়িতে মানবিক সহায়তা দিয়েছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)। ২১ জানুয়ারি বুধবার ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় একটি মাদ্রাসা ও ছয়টি অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়। একইসঙ্গে দুইজন মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা) বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন, শিক্ষা প্রসার এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ বর্ডার গার্ড নিয়মিত জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নধর্মী কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, দুর্গম পার্বত্য এলাকায় বিদ্যুৎ সুবিধা সীমিত হওয়ায় সোলার প্যানেল সাধারণ মানুষের দৈনন্দিন জীবন সহজ করার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়ক ভূমিকা রাখবে।

এ সময় সহায়তা পাওয়া পরিবার ও শিক্ষার্থীরা বিজিবির এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা তাদের জীবনমান উন্নয়ন ও শিক্ষাজীবন চালিয়ে যেতে সহায়ক হবে।

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, বিজিবির এ মানবিক উদ্যোগ পার্বত্য অঞ্চলে শান্তি ও উন্নয়নের ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।