
মোহাম্মদ ইউনুছ: বাংলাদেশ–মায়ানমার সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৪২টি বার্মিজ গরু জব্দ করা হয়েছে।
১৮ জানুয়ারি রোববার কক্সবাজার বিজিবি রিজিয়ন ও রামু সেক্টরের আওতাধীন নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির একটি বিশেষ টহল দল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা বাইশারী ইউনিয়নের নাজমা খাতুন রাবার বাগান সংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকা থেকে এসব গরু জব্দ করে।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েসের দিকনির্দেশনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে গরুগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো ফেলে পালিয়ে যায়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি দীর্ঘদিন ধরে কার্যকর ভূমিকা রেখে আসছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি এবং অসহায়দের আর্থিক সহায়তা প্রদান করে বিজিবি স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল সংখ্যক বার্মিজ গরু জব্দ করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত গরুগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :