প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে অংশীজনদের ভূমিকা নিয়ে খাগড়াছড়িতে মতবিনিময় সভা


admin প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২৬, ১:২০ অপরাহ্ন /
প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে অংশীজনদের ভূমিকা নিয়ে খাগড়াছড়িতে মতবিনিময় সভা

ছোটন বিশ্বাস  : খাগড়াছড়িতে “প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি রবিবার  সকালে খাগড়াছড়ি পৌর টাউন হলের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিইআইএমইউ শিক্ষা ভবনের মহাপরিচালক তসলিমা আক্তার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা এবং খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।

মতবিনিময় সভার মুক্ত আলোচনায় তিন পার্বত্য জেলার প্রধান শিক্ষকরা পাহাড়ি অঞ্চলের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের সময় যেসব সমস্যার সম্মুখীন হতে হয়, তা তুলে ধরেন। একই সঙ্গে পাহাড়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নিজেদের অভিজ্ঞতা ও প্রস্তাবনা উপস্থাপন করেন।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন,
“পাহাড়ি অঞ্চলের সীমাবদ্ধতার মধ্যেও কীভাবে শিক্ষা উন্নয়ন সম্ভব, তা আপনারা তুলে ধরেছেন। প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। পাহাড় ও সমতলের শিক্ষার মান সমান হলে আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে বিশ্ব দরবারে দেশের পরিচিতি তুলে ধরবে।”

মতবিনিময় সভায় খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার শিক্ষকরা অংশগ্রহণ করেন।